হোম > সারা দেশ > ময়মনসিংহ

পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার হবেন: বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

বিতর্কিত, পলাতক কিংবা ফেরারি কোনো আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বিজিবির ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, দেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশ থেকে বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আজ সোমবার সকালে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি এসব কথা বলেন।

সেক্টর কমান্ডার বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ময়মনসিংহ সেক্টরের অধীনে ২৪২ দশমিক ৫ কিলোমিটার সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। সীমান্তে নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ১ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনের পুশ ইন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। একই সময়ে চারজন মানব পাচারকারীকে আটক এবং পাচারের শিকার ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৭০ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তির চলাচল কিংবা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। দেশের সার্বভৌমত্ব ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।