হোম > সারা দেশ > ময়মনসিংহ

মমেকে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, চলতি মাসেই ১৩ প্রাণহানি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে খেলন সরকার (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসের ২৪ দিনেই হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হলো। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২৫১ জন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক দৈনিক স্বাস্থ্য বুলেটিন বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত খেলন সরকার ময়মনসিংহ নগরীর রামবাবু রোড এলাকার বাসিন্দা নরেন্দ্র সরকারের স্ত্রী। তিনি ২১ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান।

স্বাস্থ্য বুলেটিনে জানা যায়, সেপ্টেম্বর মাসের এই ২৪ দিনে চিকিৎসাধীন রোগীদের মধ্যে পুরুষ ৮১৫ জন, নারী ৩৭৫ এবং শিশু রয়েছে ৬১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৬ জন।

বর্তমানে হাসপাতালটিতে ১৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ৯২ জন পুরুষ, ৩৮ জন নারী এবং ১০টি শিশু। চালতি বছরজুড়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া মোট ২ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে। একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।