ময়মনসিংহের সদর উপজেলায় অটোরিকশাচালক রাজিব ইসলামকে (২৫) কুপিয়ে হত্যা করে তাঁর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত রাজিব ইসলাম নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতনকান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তাঁর আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। গতকাল শনিবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ-পরানগঞ্জ সড়কের ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত রাজিবের অটোরিকশা ভাড়া নেয়। তারা শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারে যাওয়ার কথা বলে অটোরিকশায় ওঠে। পথে চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়-সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছালে তারা ধারালো অস্ত্র দিয়ে রাজিবকে কুপিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।
এ সময় তাদের পেছনে থাকা অন্য একটি অটোরিকশার চালক ও যাত্রীরা ঘটনাটি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। তবে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা রাজিবকে হত্যা করে সড়কের পাশের একটি ঝোপে তাঁর মরদেহ ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল এবং কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই রাজিব ইসলামকে হত্যা করা হয়েছে। ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।