হোম > সারা দেশ > ময়মনসিংহ

৫ লাখ টাকা চাঁদা না পেয়ে চিকিৎসকের চেম্বারে হামলার অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি

সেঁজুতি জুতাপেটা করছেন চিকিৎসককে আর ছবি তুলছেন ছাত্রদল নেতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

ময়মনসিংহ নগরের একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে এক চিকিৎসককে মারধর, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। চাঁদার দাবিকৃত পাঁচ লাখ টাকা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী চিকিৎসক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ভুক্তভোগী চিকিৎসকের নাম মো. আশিকুর রহমান। তিনি নগরের জিলা স্কুলের পাশের গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে একটি চেম্বারে বিড়ালের চিকিৎসা ও আনুষঙ্গিক উপকরণ বিক্রি করেন।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারী চেম্বারে ঢুকে জুতা খুলে চিকিৎসককে পেটাতে থাকেন। পাশে থাকা নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান (প্রতীক) ঘটনাটি মুঠোফোনে ধারণ করেন এবং একপর্যায়ে নিজেও চিকিৎসকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন।

এ ঘটনায় আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে ময়মনসিংহের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. আশিকুর রহমান। এতে অভিযুক্ত করা হয়েছে—ছাত্রদল নেতা তালহাজুর রহমান, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে।

অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে আশিকুরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্ত ব্যক্তিরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা চেম্বারে ঢুকে চাঁদার জন্য চাপ দেন। প্রতিবাদ জানালে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে আশিকুরকে লোহার রড দিয়ে মারধর করা হয়। এ সময় তাঁকে বাঁচাতে এলে দোকানের কর্মী ঈশান আহমেদ, ঈশানের স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলার পর চেম্বারের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার ১৫০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি চেম্বারের মালামাল ভাঙচুর করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করা হয়।

হামলার পেছনে চাঁদা দাবির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত বিরোধ এবং এক বছর আগের একটি ঘটনা রয়েছে বলে জানিয়েছেন আশিকুর রহমান। তিনি জানান, আফরিন রশিদ সেঁজুতি নামের ওই নারী একটি বিড়ালের মৃত বাচ্চা প্রসবকে কেন্দ্র করে তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। এ ছাড়া ফেসবুকে অন্য এক চিকিৎসককে নিয়ে লেখালেখির পেছনে তাঁর হাত রয়েছে—এমন ভুল সন্দেহ থেকেও এই হামলা চালানো হয়ে থাকতে পারে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোষা প্রাণীর চিকিৎসা ও মৃত্যুকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ভিডিও ফুটেজটি ভাইরাল হওয়ার পর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীককে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর শাখার সভাপতি গোবিন্দ রায়।

ঘটনায় জড়িত সাকিবুল হাসান বলেন, ‘গত ১৭ আগস্ট একটি অন্তঃসত্ত্বা পারশিয়ান বিড়ালকে কেওয়াটখালী ভেটেরিনারি চিকিৎসক আব্দুল হান্নানের কাছে সেঁজুতি রেখে আসে পরীক্ষা-নিরীক্ষার জন্য। কিন্তু সেখানে বিড়ালটি মারা গেলেও তাঁরা কিছু জানায়নি। বিড়ালের খোঁজ খবর নিতে ১৮ আগস্ট কল দিলে তাঁরা জানায় মারা গেছে।’

সাকিবুল আরও বলেন, ‘এ নিয়ে ফেসবুকে লেখালেখি হলে আশিকুর রহমান ভুয়া ফেসবুক আইডি থেকে সেঁজুতিকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। যার প্রমাণ থাকায় মারধরের ঘটনা ঘটেছে। এ নিয়ে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।’

তবে সাকিবুলদের অভিযোগ পাননি বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি বলেন, ‘আশিকুর রহমান একটি অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’