গত ২৩ মে ভোররাতে ত্রিশালের সাংবাদিক কামাল হোসেনকে নিজ বাড়ি থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পর থেকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দিজীবন কাটছে তাঁর। গতকাল মঙ্গলবার ভোরে তাঁর মা খোরশিদা বেগম মারা যান। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তাঁকে। পুলিশি পাহারায় মাকে শেষবিদায় জানান তিনি। মায়ের জানাজা ও দাফনে অংশ নেন হাতকড়া পরেই।
গতকাল বিকেল ৪টায় ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে খোরশিদা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। সাংবাদিক কামাল হোসেন ওই এলাকার বাসিন্দা এবং দ্য ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি ও ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি।
সাংবাদিক কামালের চাচাতো ভাই মমিনুল ইসলাম বলেন, ‘কারাগারে যাওয়ার পর থেকেই মা মানসিকভাবে ভেঙে পড়েন। মায়ের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। মারা যাওয়ার পর পরিবারের পক্ষ থেকে আবেদন করলে জানাজায় অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।’
উল্লেখ্য, গত ২৩ মে আটকের পরে সাংবাদিক কামাল হোসেনকে একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। মামলায় উল্লেখ করা হয় তিনি ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন।