হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে তরুণ আটক

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগে ইয়াসিন (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম। 

মন্দিরের বাসিন্দা প্রত্যক্ষদর্শী গোবিন্দ জানান, ভোর চারটার দিকে ডলি রাণী দাস শৌচাগারের জন্য ঘর থেকে বের হলে প্রতিমা ভাঙার ঘটনাটি দেখতে পান। পরে তাঁর চিৎকারে গোবিন্দ ছুটে আসেন। এ সময় ওই তরুণ পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া দিয়ে আটক করেন তিনি। 

মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এস জানান, প্রতি বছর দুর্গাপূজায় এখানে মধ্যবাজার পূজা মণ্ডপের জন্য প্রতিমা গড়া হয়। এবারও প্রতিমা গড়ার কাজ শেষ হয়েছে, শুকানোর জন্য প্রতিমাগুলো রাখা হয়েছে। মন্দিরটির চারপাশে সীমানা প্রাচীর ও সামনে মজবুত গেট রয়েছে, যা রাতে বন্ধ থাকে। এ অবস্থায় রাতে ইয়াসিন নামে একজন এসে প্রতিমাগুলো ভেঙে ফেলেছে। 

গৌরীপুর উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি রতন সরকার বলেন, গত বছর গৌরীপুরে ৬৩টি মণ্ডপে পূজা উদ্‌যাপন করা হয়েছিল। এবার দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৪৯টি মণ্ডপে পূজার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিমা ভাঙচুরের ঘটনা এর আগে গৌরীপুরে কখনোই ঘটেনি। আকস্মিক এ ঘটনায় আমরা বিস্মিত, পূজায় সবার মনে এর প্রভাব পড়বে। আটক ইয়াসিন অনেকটা প্রতিবন্ধীর মতো। তাকে দিয়ে যে বা যারা প্রতিমা ভাঙিয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাই। 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাজহারুল আনোয়ার বলেন, প্রতিমা ভাঙার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর নাম ইয়াসিন, তিনি বুদ্ধি প্রতিবন্ধী। এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর জানা যাবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, প্রতিমা ভাঙার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। জড়িত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। দুর্গাপূজা উপলক্ষে গৌরীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হবে।

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪