ময়মনসিংহে পুলিশের পৃথক তিনটি বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আটজনকে তারাকান্দা থেকে এবং তিনজনকে নগরের কাঁচিঝুলি এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শুক্রবার জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের ঢাকা বাইপাস থেকে রহমতপুর বাইপাসগামী সড়কের নটর ডেম কলেজসংলগ্ন জালালের মোড় এলাকায় অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা-পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলের প্রস্তুতিতে থাকা ব্যক্তিরা মশাল ও অন্যান্য সরঞ্জাম ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১২টি বইঠা, ১৯টি মশাল স্টিক, বাঁশের লাঠি ও মিছিলের ব্যানার উদ্ধার করা হয়।
অন্যদিকে, গতকাল শুক্রবার রাতে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের শিমুলতলী বাজারে সাইদুল মেম্বারের বাড়ির সামনে অভিযান চালায় তারাকান্দা থানা-পুলিশ। মশাল মিছিলের প্রস্তুতিকালে সেখান থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আব্দুল্লাহ আল রবিন (২৩), জীবন মিয়া (২৫), আসাদিন (৩২), নূর আলম (৩৩), তুহিন ইসলাম (২৮), সেলিম (২৯), আব্দুল কাদির ও বিল্লাল (৩৭)। এ সময় সাতটি মোটরসাইকেল, আটটি অটোরিকশা ও চার বান্ডিল লাঠি উদ্ধার করা হয়।
এ ছাড়া গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে নগরের কাঁচিঝুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন কোতোয়ালির রহমতপুর এলাকার নয়ন (১৫), ঢোলাদিয়া এলাকার আরাফাত (১৬) এবং ফুলপুর উপজেলার ভাইটকান্দি এলাকার হৃদয় (১৮)।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নাশকতা, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।