হোম > সারা দেশ > ময়মনসিংহ

গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিলেন স্ত্রী, বললেন—‘মামলা করব না’

ময়মনসিংহ প্রতিনিধি

যুবলীগ কর্মী মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামানকে হত্যার অভিযোগে গণপিটুনিতে নিহত যুবলীগ কর্মী মেহেদী হাসানের মরদেহ ৩৬ ঘণ্টা পর হাসপাতালের লাশঘর থেকে নিয়ে গেছেন তাঁর স্ত্রী। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তাঁর কাছে মরদেহ হস্তান্তর করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেহেদীর স্ত্রী মীম আক্তারের নিরাপত্তা নিশ্চিত করে মরদেহ তাঁর কাছে হস্তান্তর করা হয়েছে। সুরুজ জামান হত্যার ঘটনায় মামলা হয়েছে। তবে মেহেদী হত্যার ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি।

নিহত মেহেদী হাসান নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি যুবলীগের কর্মী ছিলেন। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম একই ওয়ার্ড যুবলীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় নগরের মধ্য বাড়েরা মজিদ মার্কেট-সংলগ্ন সড়কে ছুরিকাঘাতে নিহত হন ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামান (৩৫)। পরে রাত ১টার দিকে উত্তেজিত লোকজন মেহেদীদের বাড়িতে আগুন দেন এবং মেহেদীকে পিটুনি দেন। গতকাল সোমবার ভোরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পর থেকে তাঁর মরদেহ হাসপাতালের লাশঘরে ছিল।

নিহত মেহেদী হাসানের স্ত্রী মীম আক্তার বলেন, ‘মেহেদীর মরদেহ নিয়ে তাঁর নানাবাড়ি মাসকান্দা গণসার মোড় এলাকায় এসেছি। তাঁকে নিজের গ্রামে কবর দিতে চাইলেও পুলিশ মরদেহ নিয়ে মধ্য বাড়েরা এলাকায় নিতে দিচ্ছে না।’

মামলার বিষয়ে জানতে চাইলে মীম বলেন, ‘আমরা আপাতত মামলা করব না। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মীম আক্তারের নিরাপত্তার দায়িত্বে থাকা কোতোয়ালি মডেল থানার এসআই রুহুল আমিন বলেন, ‘মরদেহ কোথাও নিতে বাধা দিইনি। তবে আমাদের কাছে খবর আছে, মেহেদীর মরদেহ মধ্য বাড়েরা এলাকায় নিয়ে গেলে ঝামেলা হতে পারে। তাই স্বজনদের সতর্ক করা হয়েছে।’

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, গতকাল সন্ধ্যায় মেহেদীর স্ত্রী, মামিশাশুড়ি ও অজ্ঞাতনামা একজন মরদেহ নিতে এসেছিলেন। তবে আইনি প্রক্রিয়া সম্পন্ন না করায় তা সম্ভব হয়নি। আজ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়।