হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বরযাত্রীর বাস, আহত কয়েকজন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

দুর্ঘটনার পর বর-কনেকে সড়কের পাশের একটি ওষুধের দোকানে বসে থাকতে দেখা যায়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে উঠে পড়েছে বরযাত্রীবাহী একটি বাস। এতে বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ত্রিশালের বগার বাজার এলাকা থেকে বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনেসহ বরযাত্রীদের নিয়ে নেত্রকোনা বাইপাসের দিকে যাচ্ছিল অয়ন এন্টারপ্রাইজের একটি বাস। পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝের আইল্যান্ডে উঠে পড়ে।

এতে বাসে থাকা কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর বর-কনেকে সড়কের পাশের একটি ওষুধের দোকানে বসে থাকতে দেখা যায়। আহত ব্যক্তিরা স্থানীয় ফার্মেসি ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকারটি নির্মাণ করা হয়েছে। তবে স্পিড ব্রেকারটি দূর থেকে দৃশ্যমান করতে রং দিয়ে চিহ্নিত করা এবং এর আগে-পরে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের পরামর্শ দিয়েছেন অনেকেই। তাঁদের মতে, এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা থাকলে চালকেরা আগে থেকেই গতিনিয়ন্ত্রণ করতে পারবেন, ফলে দুর্ঘটনার ঝুঁকি কমতে পারে।

আহত ব্যক্তিদের বিষয়ে জানতে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। আহতদের কেউ হয়তো গাড়িতে আটকা পড়েননি, এ কারণে এমনটি হয়ে থাকতে পারে।’