হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি

ময়মনসিংহ প্রতিনিধি

স্কুলের অফিস কক্ষে দুই শিক্ষকের মারামারি। ছবি: ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।

আজ বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাটি ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। মারামারিতে জড়ানো দুই শিক্ষক হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর মারামারির ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে বিষয়টি শিক্ষা বিভাগের নজরে আসে। আজ সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। বিকেলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ভেতরে শিক্ষকদের এমন আচরণ অসদাচরণের শামিল। পারিবারিক বিরোধ বিদ্যালয়ে নিয়ে আসা কোনোভাবেই ঠিক নয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে লিখিত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৪ সালে আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয়। তাঁদের এক মেয়ে উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। প্রায় ১৪ বছর ধরে তাঁরা আলাদা থাকেন। এ নিয়ে আদালতে মামলাও চলছে। দুজনই ২০১১ সালের দিকে ওই বিদ্যালয়ে যোগ দেন।