হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ, দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলস্টেশনে আন্তনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলস্টেশনে আন্তনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে।

আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে গফরগাঁও স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তনগর যমুনা ট্রেনটি আটকে দেওয়া হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল ৮টা ৫৫ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মশাখালী রেলস্টেশনে আন্তনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে গত ১০ থেকে ১২ দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছেন স্থানীয় সাধারণ মানুষ। এরই অংশ হিসেবে আজ সকালে ট্রেনটি মশাখালী স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা রেললাইনে অবস্থান নেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ‘মশাখালী স্টেশনে যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করছেন। আজ সকাল থেকে তাঁরা ট্রেনটি আটকে রেখেছিলেন। পরে আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দিলে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।’