হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ

ময়মনসিংহ প্রতিনিধি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিয়ার শেল নিক্ষেপ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পিএ নিট কারখানার শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারখানার ফটক খুলে শ্রমিকেরা মহাসড়কে বিক্ষোভ করতে বের হওয়ার চেষ্টা করলে দফায় দফায় এসব নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ভেতরে ফিরে যান। টিয়ার শেলের ধোঁয়ায় আক্রান্ত সাত শ্রমিক কারখানার মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকার আইডিয়া মোড়ে এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতন বাড়ানোর দাবিতে দুপুরে কারখানার ভেতরে জড়ো হন শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা মহাসড়কে নেমে বিক্ষোভ করার প্রস্তুতি নেন। শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে মহাসড়কে বিক্ষোভ করতে পারেন—এমন তথ্যের ভিত্তিতে আগে থেকেই কারখানার ফটকের সামনে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।

বেলা সোয়া ২টার দিকে শ্রমিকেরা বিভিন্ন স্লোগান দিয়ে কারখানার ফটক খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ভেতরে ফিরে যান।

কারখানাটির মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আহমেদ জাহান রুমী বলেন, আজ সকালে শ্রমিকেরা স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছিলেন। তবে দুপুরের খাবারের বিরতির সময় তাঁরা আন্দোলনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় টিয়ার শেলের ধোঁয়ায় আক্রান্ত সাত শ্রমিক কারখানার মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন।

আহমেদ জাহান রুমী আরও বলেন, শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা সঠিক নয়। ঘটনার পর থেকে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকদের অল্প অল্প করে কারখানা থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে।

শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো. আনছার উদ্দিন বলেন, পিএ নিট কারখানার শ্রমিকদের আন্দোলনের বিষয়ে আগে থেকেই তথ্য ছিল। এ কারণে কারখানার ফটকের সামনে শতাধিক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়। শ্রমিকেরা ফটক খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়।

এসপি জানান, এ সময় আনুমানিক ২০ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। এতে কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বের হয়ে যাচ্ছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে পুলিশ এখনো কারখানার সামনে অবস্থান করছে।