ময়মনসিংহ অঞ্চলে কোনোভাবেই হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসছে না। জেলাটিতে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ শিশুর মৃত্যু হলো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ শিশু। বর্তমানে হাসপাতালটির বিশেষ আইসোলেশন ওয়ার্ডে ৮৭ শিশু চিকিৎসাধীন।
আজ শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া ১০ মাস বয়সী কন্যাসন্তানটির বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। গত ২৮ জুলাই হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৩ হাজার ১৩৬ জন শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৯৮২ জন।