হোম > সারা দেশ > ময়মনসিংহ

গোপালগঞ্জে সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি

পুলিশ কর্মকর্তা মো. সেলিম মিয়া। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশের একটি সূত্র।

আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ক্লোজড হওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম মো. সেলিম মিয়া। তিনি নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় সেলিম মিয়াকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, অভ্যন্তরীণ একটি গোয়েন্দা প্রতিবেদনে গোপালগঞ্জে সংঘটিত ঘটনায় ওই পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। এ কারণে তাঁকে ক্লোজড করে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।