ময়মনসিংহের ভালুকায় বাসের ভেতরে এক কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বাসটি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসের চালক নাটোরের গুরুদাসপুর উপজেলার সাধুপাড়া গ্রামের ইয়াসিন সরকারের ছেলে রবিউল কবির সরকার (২৫), সুপারভাইজার নাটোর সদর উপজেলার হয়বদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মাহবুবুর রহমান (৩০) এবং চালকের সহকারী নাটোর সদর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের মৃত ফিরোজ মোল্লার ছেলে হালিম মোল্লা (২৯)।
আজ মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার ৩ আসামিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তানজিনা ইসলাম তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোস্তাছিনুর রহমান তিনজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ দুপুরে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা করেছেন। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার রাত ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ডে ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছিল ওই কিশোরী। এ সময় এইচপি পরিবহনের এক বাসের হেলপার তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে বাসে তোলেন। বাসটি রংপুর থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে সেটি ঢাকায় না গিয়ে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডে পৌঁছায়।
অভিযোগ রয়েছে, অন্য যাত্রীদের নামিয়ে দেওয়ার পর বাসের ভেতরে কিশোরীকে একা পেয়ে চালক, তাঁর সহকারী ও সুপারভাইজার মিলে ধর্ষণচেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তিনজনকে আটক করেন। পরে তাঁদের বাসসহ পুলিশের হাতে তুলে দেন। পুলিশ কিশোরীকে উদ্ধার করে ও অভিযুক্ত তিনজনকে ভালুকা মডেল থানায় নিয়ে যায়।
কিশোরী জানায়, সোমবার দুপুরে মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। রাগ করে সে ঢাকায় যাওয়ার উদ্দেশে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। এ সময় বাসের হেলপার তাকে ঢাকায় পৌঁছে দেওয়ার কথা বলে বাসে তোলেন। পরে চালক, হেলপার ও সুপারভাইজার পরিকল্পিতভাবে তাকে ভালুকায় নিয়ে আসেন এবং বাসের ভেতরে ধর্ষণচেষ্টা করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।