হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বাস, এমপির বাড়ি ও চেয়ারম্যানের কক্ষে আগুন—প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি

ভালুকায় ‘মীর এক্সপ্রেস’ বাসে আগুন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটেছে। জেলার ভালুকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন, ফুলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে অগ্নিসংযোগ এবং ফুলপুরে সাবেক এমপির বাড়িতে হামলা ও আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া নগরের শম্ভুগঞ্জ বাজার থেকে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

এদিকে এসব অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের হরিকিশোর রায় রোডে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নতুন বাজার ও গাঙিনারপাড় ঘুরে চরপাড়ায় গিয়ে শেষ হয়।

এর আগে আজ বৃহস্পতিবার ভোররাত থেকে জেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কয়েকটি সড়কে আগুন জ্বালানো এবং লগি-বইঠার মিছিলের খবরও পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভালুকায় স্কয়ার ফ্যাশনসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করা ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাসে ভোর পৌনে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে বাসটির ভেতরের আসন ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হলেও ইঞ্জিন অক্ষত রয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্ন দাবি করেছেন বাসটির মালিক শফিকুল ইসলাম। তাঁর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায়। তাঁর দাবি, আগুনে পুরো বাসটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন তিনি। গাড়ির কাজ করানোসহ বর্তমানে তাঁর প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে।

অন্যদিকে ভোর ৫টার দিকে ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কক্ষের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। এতে টেবিল-চেয়ারসহ কিছু কাগজপত্র পুড়ে গেছে। অভিযোগ পেলে এ ঘটনায় মামলা নেওয়া হবে।

এদিকে ফুলপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার গ্রিন রোডে সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের বাড়িতে হামলা ও পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বাড়ির জানালার কয়েকটি পর্দা পুড়ে গেছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ভোররাতে দুর্বৃত্তরা সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা ও আগুন দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া আজ দুপুরে নগরের শম্ভুগঞ্জ বাজারের গরুর হাটসংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, কে বা কারা বস্তুগুলো সেখানে রেখেছে, তা জানতে তদন্ত চলছে। জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

এসব ঘটনার প্রতিবাদে আজ দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে অংশ নেন। নগরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ, কাজী রানাসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।