মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইট প্রস্তুত করার দায়ে তিনটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটাগুলোর সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর ব্রিজের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ।
অভিযানকালে ভাটার মালিক বা সংশ্লিষ্ট কাউকে উপস্থিত না পাওয়ায় অনুমোদনহীনভাবে কার্যক্রম পরিচালনার দায়ে তিনটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স ব্রিকস, মেসার্স নূর ব্রিকস ম্যানুফ্যাকচার ও মেসার্স একতা ব্রিকস।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।