হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে ভুয়া ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি: আন্তজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের গজারিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, দুটি ওয়াকিটকি এবং তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

গ্রেপ্তাররা হলেন— নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মো. শামীম সৌরভ (৩২), বরগুনার আমতলীর মো. শাকিব ওরফে শাকিল (২৪), নারায়ণগঞ্জের বন্দরের মো. হাবিবুর (৪০) এবং মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর মো. কাশেম ঢালী (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে গজারিয়া উপজেলার চরবাউশিয়া এলাকায় নিয়মিত অভিযান চলাকালে একটি অটোরিকশার দুই যাত্রীকে সন্দেহ হলে পুলিশ তাঁদের আটক করে। আটক শামীম ও শাকিব নিজেদের পুলিশ সদস্য দাবি করলেও কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি।

পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা ভুয়া ডিবি পরিচয়ে চালকদের বিভ্রান্ত করে অটোরিকশা চুরির কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে চোরাই অটোরিকশা কেনার অভিযোগে হাবিবুরকে দুটি অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে হাবিবুরের স্বীকারোক্তির ভিত্তিতে টঙ্গীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে কাশেম ঢালীকে আরও একটি চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, ‘ভুয়া ডিবি পরিচয় ব্যবহার করে অটোরিকশা চুরির সাথে জড়িত একটি চক্রকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’