মুন্সিগঞ্জের শ্রীনগরে হাতকড়া পরা অবস্থায় পালানো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীনগর উপজেলার বীরতারা বাজার এলাকায় অভিযান চালিয়ে পুনরায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই নেতার নাম সাব্বির শেখ (৩৫)। তিনি উপজেলার বীরতারা ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের বাসিন্দা। সাব্বির শেখ বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালে শ্রীনগর থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলার পলাতক আসামি সাব্বির শেখ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করে সাব্বিরের হাতে হাতকড়াও পরানো হয়। এ সময় ওই নেতার পরিবার ও পুলিশের মধ্যে হট্টগোল হয়। একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান কার্যক্রম নিষিদ্ধ ওই আওয়ামী লীগ নেতা।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই আওয়ামী লীগ নেতা একটি রাজনৈতিক মামলার পলাতক আসামি ছিলেন। হাতকড়াসহ পালানোর পর পুলিশের একটি বিশেষ টিম তৎপর হয়ে ওঠে। পালানোর তিন ঘণ্টার মধ্যে ফের তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।