হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সরকারি খাল দখলচেষ্টার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

বালু ফেলে খালের একাংশ দখলের চেষ্টা চলছে। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি খালের একাংশ অবৈধভাবে বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে ইয়াসমিন আক্তার (৩৪) নামে এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার বিকেলে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ। ইয়াসমিন আক্তার কাঠালতলী গ্রামের সাগর ঢালীর স্ত্রী।

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে সরকারি খালের একাংশ বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে ইয়াসমিন আক্তারকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, সরকারি খাল, জলাশয় ও সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল বা ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।