মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. সেলিম (৩৫) নামের একজন নিহত এবং আলমগীর দালাল (৩৬) নামের আরেকজন নিখোঁজ হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মো. সেলিম চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তাঁর মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অন্যদিকে, সংঘর্ষের পর থেকে নিখোঁজ থাকা আলমগীর দালালের সন্ধানে স্থানীয় একটি খালে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ সজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মিজানসহ আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়া এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওলাদ মোল্লা ও রহিম মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে বক্তব্য জানতে আওলাদ মোল্লা ও রহিম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।