মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে আনুমানিক ১৮ বছর বয়সী অজ্ঞাতনামা এক তরুণীর মদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে বহনকারী মোটরসাইকেলচালক দুর্ঘটনার পর হয়তো ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহত তরুণীর পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে তাঁর নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, অজ্ঞাতনামা তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া হচ্ছে।