হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

আ.লীগ নেতাদের ভারত থেকে পাঠানো টাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে: রিজভী

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শেখ হাসিনার ‘হত্যার নেশা ও রক্তের সাধ’ এখনো যায়নি। তাঁর দাবি, শেখ হাসিনার শাসনামলে ১ হাজার ৪০০ শিশু-কিশোরসহ বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, রিকশাচালক এবং শ্রমিক নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনা জনগণ ও ছাত্রদের ধাওয়া খেয়ে পালিয়ে গেছেন। কিন্তু হত্যার নেশা, রক্তের সাধ তাঁর যায়নি। তিনি আরও রক্ত পান করতে চান।

আওয়ামী লীগের নেতারা ভারত থেকে বিকাশে টাকা পাঠাচ্ছেন বলেও অভিযোগ করেন রিজভী। তাঁর দাবি, ওই টাকা দিয়ে স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল তুলে দেওয়া হচ্ছে, পেট্রোল ছিটিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হচ্ছে এবং বিএনপির নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে।

বাংলাদেশকে রক্তাক্ত করার চেষ্টা চলছে দাবি করে রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সেই চেষ্টা সফল হচ্ছে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে আগুন লাগানোর ঘটনা ঘটলেও তারেক রহমান কাউকে গুলি করার নির্দেশ দেননি। তিনি বলেন, সভ্য দেশের ক্ষমতায় সভ্য মানুষ থাকলে তাঁরা অস্ত্র ও খুনের ভাষায় কথা বলেন না।

রিজভী বলেন, তারেক রহমান মানবতা, গণতন্ত্র ও শান্তির পক্ষে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য হাজী মো. রাশেদ। বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।