মুন্সিগঞ্জের শ্রীনগরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং সংরক্ষণ করার অপরাধে মুসলিম রেস্তোরাঁ অ্যান্ড কাচ্চি কাবাব নামের একটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত শ্রীনগর উপজেলার ভাগ্যকূল রোড এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মুসলিম রেস্তোরাঁ অ্যান্ড কাচ্চি কাবাবে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হচ্ছিল। তা ছাড়া প্রতিষ্ঠানটির একই রেফ্রিজারেটরে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করে রাখা হয়েছিল। পাশাপাশি রেস্তোরাঁটির কর্মীদের হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবানের কোনো ব্যবস্থাও ছিল না। ভোক্তা-অধিকার রক্ষা আইন লঙ্ঘন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করার দায়ে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শাহীনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটিতে সহযোগিতা করেন শ্রীনগর উপজেলা স্যানিটারি পরিদর্শক নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা-পুলিশের একটি টিম।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ‘জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। খাদ্যে ভেজাল বা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’