হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

আমরা সামগ্রিকভাবে কাজ করছি, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়: মির্জা ফখরুল

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সার্কিট হাউসে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা যারা বিভিন্ন দায়িত্বে রয়েছি, প্রধানমন্ত্রী আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমরা সেই দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছি। ব্যক্তি বা কোনো গোষ্ঠীর জন্য নয়, সামগ্রিক উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য কাজ করছি।’

আজ শনিবার (২০ জুন) বেলা ৩টার দিকে মুন্সিগঞ্জ সার্কিট হাউসে জেলার অবকাঠামোগত উন্নয়ন-সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে বিশ্বের মানুষ বলবে, এই দেশ অনেক দূর এগিয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় আমরা সেই অগ্রগতির ধারা দেখেছিলাম।’

মন্ত্রী আরও বলেন, ‘তারেক রহমান একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। তিনি তাঁর পিতা ও মাতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। আমরা যারা তাঁর সঙ্গে কাজ করছি, দেখছি তিনি একজন কাজপাগল মানুষ। ২৪ ঘণ্টাই দেশের উন্নয়ন নিয়ে ভাবছেন।’

শিশুদের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের শিশুদের মেধা বিকাশে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। শিশুরা শুধু বইয়ের বোঝা বহন করবে না, তাদের খেলাধুলা, সংগীত ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে বিকাশ ঘটানো হবে।

সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সারা দেশে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। মৃতপ্রায় খাল পুনরুদ্ধারে সরকার কাজ করছে।

নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হয়েছে, যাতে তারা সার, বীজসহ কৃষি উপকরণ ন্যায্যমূল্যে পান। পাশাপাশি ইমাম ও পুরোহিতদের জন্য ভাতা চালু করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘আমরা আজ এই নেতৃত্বে আশাবাদী। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা নিষ্ঠার সঙ্গে তা পালন করছি। ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, সামগ্রিক কল্যাণের জন্য কাজ করছি। বাংলাদেশকে এমন একটি অবস্থানে নিতে চাই, যেখান থেকে বিশ্ব বলবে, এই দেশ অনেক দূর এগিয়ে গেছে।’

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার, ফাহিমা নাসরিন, মাহমুদা হাবিবা, মমতাজ আলো, সানজিদা ইসলাম, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত মানু।

অনুষ্ঠানে জেলার উন্নয়ন কার্যক্রম ও সরকারের চলমান বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

মুন্সিগঞ্জে শতবর্ষী নয়নের খাল পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী, উদ্ধারে বরাদ্দ ও উচ্ছেদের ঘোষণা

সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ট্রাক জব্দ

মুন্সিগঞ্জে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

সিরাজদিখানে স্বপ্নলোক হাউজিংয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মানববন্ধন

সিরাজদিখানে মাইক্রোবাস খাদে পড়ে নারী নিহত, আহত ১০

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০