হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

লাইসেন্স বিহীন কারখানায় পন্যের মোড়কে বিএসটিআই লোগো, ২০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

চকো আইসক্রিম ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার অধিদপ্তরের জরিমানা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি এবং বৈধ লাইসেন্স ছাড়া মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহারের দায়ে চকো আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

চকো আইসক্রিম ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার অধিদপ্তরের জরিমানা। ছবি: আজকের পত্রিকা

অভিযানে মুক্তারপুর এলাকার চকো আইসক্রিম ফ্যাক্টরিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের আইসক্রিম তৈরি করতে দেখা যায়। প্রতিষ্ঠানের বৈধ বিএসটিআই লাইসেন্স না থাকা সত্ত্বেও আইসক্রিমের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করা হচ্ছিল।

ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে জেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

আসিফ আল আজাদ বলেন, ‘ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বৈধ অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’