হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে খালে গোসল করতে নেমে নারী নিখোঁজ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সিরাজদিখানে খালে গোসল করতে নেমে নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে খালের পানিতে গোসল করতে নেমে হাবিবার রহমান বাবলী (৪৮) নামে ঢাকা ঢাকা থেকে আসা এক নারী নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে সিরাজদিখান ফায়ার সার্ভিস ও ডুবুরি দল সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনা করছে।

আজ রোববার বেলা ২টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামসংলগ্ন তালতলা ডহুরি খালের খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ হাবিবার রহমান বাবলী ঢাকার রায়েরবাগের বাসিন্দা সৈয়দ বাবুর মেয়ে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে হাবিবার রহমান বাবলী ও তাঁর দুই বান্ধবী উপজেলার ফেগুনাসার গ্রামের তপন ভূঁইয়ার বাড়িতে বেড়াতে আসেন। বেলা ২টার দিকে তিন বান্ধবী মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া তালতলা ডহুরি খালে গোসল করতে নামেন। সাঁতার না জানা এবং খালে তীব্র স্রোত থাকায় অসাবধানতাবশত বাবলী পানিতে তলিয়ে যান। এ সময় অপর দুই বান্ধবী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাবলী নিখোঁজ হন।

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি দল। পরে ঢাকা ও মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বেলা ২টা ৩৪ মিনিটে খবর পাওয়ার পরপরই সিরাজদিখান ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। খালের পানিতে অতিরিক্ত স্রোত থাকায় উদ্ধার অভিযান কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে নিখোঁজ নারীকে উদ্ধারে ডুবুরি দলের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।