হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা বাসের পেছনে হানিফের ধাক্কা, দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাসের দরজা ভেঙে যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করে। ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে এনা পরিবহনের একটি বাসের পেছনে হানিফ পরিবহনের আরেকটি বাসের ধাক্কায় বেশ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাসের দরজা ভেঙে তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে শ্রীনগর উপজেলার হাসাড়া যাত্রীছাউনির সামনে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাসের দরজা ভেঙে যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করে। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী এনা পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়ে হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা খুলনাগামী হানিফ পরিবহনের দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে হানিফ পরিবহনের বাসটির দরজা আটকে যায় এবং যাত্রীরা ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিশেষ সরঞ্জাম ব্যবহার করে বাসের দরজা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় কোনো প্রাণহানি ছাড়াই যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।