হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ মামলায় মো. সাঈদ আলী নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ২টার দিকে উপজেলা কৃষি কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাঈদ আলী সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সাভারের আশুলিয়ায় কর্মরত থাকাকালে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাঈদ আলীর বিরুদ্ধে মামলা করা হয়। গত ১৫ আগস্ট আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি করা হয়। মামলার নম্বর ৮৭।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুজ্জামান সোহাগ বলেন, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সাঈদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাঁকে আশুলিয়া থানায় নেওয়া হচ্ছে।

সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আশুলিয়া থানা-পুলিশ ও মামলার বাদী উপজেলা কৃষি কার্যালয়ে এসেছিলেন। পরে আশুলিয়া থানার একটি মামলার ভিত্তিতে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। এর বেশি আমি কিছু বলতে পারব না।