হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে বিআইডব্লিউটিএর অভিযান, ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

লঞ্চঘাটে বিআইডব্লিউটিএর অভিযানে উচ্ছেদ করা হয় অবৈধ স্থাপনা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লঞ্চঘাটের প্রবেশমুখ ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ছোট-বড় ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে খাবারের হোটেল, চায়ের দোকান, টংঘরসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

লঞ্চঘাটে বিআইডব্লিউটিএর অভিযানে উচ্ছেদ করা হয় অবৈধ স্থাপনা। ছবি: আজকের পত্রিকা

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের যোগসাজশে লঞ্চঘাটের প্রবেশমুখ ও আশপাশের সরকারি জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এতে লঞ্চঘাট এলাকায় যানবাহন ও যাত্রীদের চলাচলে বিভিন্ন সময় সমস্যা সৃষ্টি হতো।

উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করেন, তাঁদের কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই আজ সকালে হঠাৎ করে অভিযান শুরু করা হয়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

বিআইডব্লিউটির যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় এর আগেও অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু পরে আবারও সেখানে অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠে। তাই পুনরায় অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।