হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ অংশে নৌকা দিয়ে মাছ শিকারের সময় বজ্রপাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাব্বির মিয়া, কাবিল মিয়া ও হামিদ মিয়া নামে তিনজন মারা গেছেন। এই ঘটনায় কাবিলের মরদেহ হাওরের পানিতে ডুবে যাওয়ায় নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা এলাকায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া কাবিল ও হামিদ আপন দুই ভাই। তাঁরা রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জহির মিয়ার ছেলে। আর সাব্বির মিয়া একই এলাকার রফিক মিয়ার ছেলে।
জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের হামিদ, কাবিল ও সাব্বির প্রতিদিনের মতো আজ হাওরের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা-সংলগ্ন এলাকায় নৌকা দিয়ে মাছ শিকার করতে যান। হঠাৎ বজ্রপাতে আজ বেলা ১১টার দিকে তাঁদের মৃত্যু হয়। তাঁদের মধ্যে হামিদ ও সাব্বিরের লাশ পাওয়া গেলও কাবিলের লাশ হাওরের পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিস ও ডুবুরিরা নিখোঁজ সাব্বিরের লাশ উদ্ধারের চেষ্টা করছেন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাওরে বজ্রপাতে তিনজন মারা গেছেন শুনেছি। তাঁদের মধ্যে দুজনের লাশ পাওয়া গেছে। একজনের লাশ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও ডুবুরিরা নিখোঁজ লাশ উদ্ধারে কাজ করছেন।’