হোম > সারা দেশ > মৌলভীবাজার

এআই প্রযুক্তিতে এম নাসের রহমানকে নিয়ে ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি

সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে। বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার দাবি করে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

গতকাল শনিবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এম নাসের রহমান জানান, তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর মুখমণ্ডলের ছবি অন্য একটি শরীরে সংযুক্ত করে এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ও বিকৃত ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এর মাধ্যমে তাঁকে এবং তাঁর দলকে ছোট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

এম নাসের রহমান জানান, এ ঘটনায় ইতিমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ডিজিটাল আলামত সংরক্ষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।

এম নাসের রহমান আরও বলেন, সরকারের একটি বিশেষায়িত সংস্থা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে নাসের রহমান বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ভুয়া বা বিভ্রান্তিকর এআই-নির্মিত ভিডিও, ছবি বা তথ্য শেয়ার কিংবা প্রচার করা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের কনটেন্ট প্রচার বা পুনঃপ্রচারও প্রচলিত তথ্যপ্রযুক্তি আইনে দণ্ডনীয় অপরাধ।

নাসের রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, অপপ্রচার ও গুজব সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে এবং যাচাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার করা উচিত নয়।

মন্ত্রী আরিফুল হকের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন

৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের গণবিক্ষোভ

দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা

শ্রীমঙ্গলের পর হবিগঞ্জেও পুলিশের বাধা, এবার সড়কে বসে পড়লেন এনসিপি নেতারা

শ্রীমঙ্গলে আটকে দেওয়া হলো এনসিপির গাড়িবহর

মৌলভীবাজার: শেষ হয়নি খাল খনন, ৩ কোটি টাকা ফেরত

কমলগঞ্জে যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

মৌলভীবাজারে শেষ হয়নি খাল খননের কাজ, সরকারি কোষাগারে ফেরত গেল প্রায় ৩ কোটি টাকা

মৌলভীবাজারে ১৬ ও ১৭ ফুট লম্বা দুটি অজগর উদ্ধার