হোম > সারা দেশ > মৌলভীবাজার

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায় আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেসের ৬ বগি। ছবি: আজকের পত্রিকা

চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে ছয়টি বগি বনের ভেতর রেখে অন্য ছয় বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

আজ শুক্রবার বেলা দেড়টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে রেখে যাওয়া ছয়টি বগি লাউয়াছড়া বনের ভেতর থেকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলস্টেশনের মাস্টার শাখাওয়াত হুসেন।

এর আগে আজ বেলা দেড়টার দিকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)-এর মাঝামাঝি ছয়টি বগির পর ক্লিপ ভেঙে যায়। এতে ছয়টি বগি রেখেই ট্রেনটি অন্য ছয় বগি নিয়ে পার্শ্ববর্তী শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়। রেখে যাওয়া বগি উদ্ধারের জন্য বিকল্প ইঞ্জিন নিয়ে আসা হয়। পরে বগিগুলো উদ্ধারের পর বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।