মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর সামাজিক বন বিভাগে বদলি করা হয়েছে। প্রায় ১ হাজার ২০০ কমলাগাছ কাটার অভিযোগে উচ্চপর্যায়ের তদন্ত চলার মধ্যেই তাঁর বদলির আদেশ এল।
মঙ্গলবার (৪ আগস্ট) সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আদেশে প্রীতম বড়ুয়াসহ কয়েকজন বন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এর আগে কমলগঞ্জের রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিট এলাকায় অবৈধ উচ্ছেদ অভিযানের সময় প্রায় ১ হাজার ২০০ ফলন্ত কমলাগাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরে গত ২২ জুলাই সিলেটের বিভাগীয় কমিশনার আশরাফুল রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়ার বদলির আদেশ দেওয়া হলো।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, তদন্তের কার্যক্রম চলমান রয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।