মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাকবলিতদের মাঝে বাংলাদেশ বিমানবাহিনীর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণসামগ্রি বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণগুলো বিতরণ করা হয়।
এ সময় নিম্নাঞ্চল এলাকার ১ ও ২ নম্বর ওয়ার্ডের দেড় শতাধিক মানুষের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, আলু দেওয়া হয়।
বিতরণ কাজের উদ্বোধন করেন শমশেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা উইং কমান্ডার সঞ্জীব সাহা। এ সময় উপস্থিত ছিলেন স্টেশন নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খাইরুল ইসলাম, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমেদ খান প্রমুখ।
উইং কমান্ডার সঞ্জীব সাহা বলেন, ‘বিমানবাহিনীর মহিলা কল্যাণ সমিতির সভানেত্রীর সৌজন্যে এই ত্রাণসামগ্রি বিতরণ করা হয়। একই সঙ্গে মেডিকেল ক্যাম্প করা হয়। দেশের বন্যাকবলিত এলাকার বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বিমানবাহিনী প্রধানের নির্দেশে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাকবলিত এলাকায় আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।’