মেহেরপুরের গাংনী উপজেলায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. আলিরাজ ওরফে আলী হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার মটমুড়া পশ্চিমপাড়ার জোড়া পুকুরের পাশে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলীরাজ উপজেলার মটমুড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়দের ভাষ্য, মটমুড়া পশ্চিমপাড়ায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল আলীরাজ। এ সময় বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মটমুড়া গ্রামের মিজানুর রহমান বলেন, “আলীরাজ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। আকস্মিক তার ওপর বজ্রপাত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
স্থানীয়দের একজন শুভ আহমেদ বলেন, “আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া দরকার। যখন আকাশে মেঘের ঘনঘটা ও বজ্রপাত হয় তখন অন্তত খেলাধুলা বা বাইরে না যাওয়া উচিত। আমরা অনেক শুনেছি, খেলার মাঠে অনেকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। আজকেও খেলার সময় আলীরাজ নামের একটি ছেলে বজ্রপাতে মারা গেল। আমাদের প্রত্যেকটা পরিবারের এ ব্যাপারে সচেতন থাকতে হবে।”
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যুর সংবাদ পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বজ্রপাতে নিহতের খবর শুনে তাৎক্ষণিক ওই পরিবারকে সহযোগিতা করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন। তিনি বলেন, বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।