মেহেরপুরে আবারও চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে কঠোর অবস্থান নিয়ে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকায় সীমান্তের শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরে চার ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা ও বিজিবি সদস্যরা। এ সময় বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয় এবং পুশ ইন প্রতিরোধ করে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বিএসএফ চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তাঁদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তবে তাঁদের পরিচয়, নাগরিকত্ব বা কী কারণে সীমান্তে আনা হয়েছিল—সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘ভোরে বিএসএফ চারজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছিল। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তা ব্যর্থ হয়েছে। সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয়রাও সহযোগিতা করছে।’ তিনি আরও বলেন, যেকোনো ধরনের পুশ ইন প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর।
উল্লেখ্য, এর আগে ৬ জুন ভোরে মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ছয়জনকে পুশ ইনের চেষ্টা করা হয়েছিল। সেবারও বিজিবির অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয় এবং পরে বিএসএফ তাদের ফেরত নেয়।