হোম > সারা দেশ > মেহেরপুর

শীতের আগমনে গাংনীতে ব্যস্ত গাছিরা, কলস উঠবে ১৫ দিন পর

রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর)

মিষ্টি রসের জন্য খেজুর গাছ প্রস্তুত করছেন গাছি। গাংনী উপজেলার তেরাইল মাঠ থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

শীতের বাতাস বইতে শুরু করেছে। গুটি গুটি পায়ে শীত এই এল বলে! আর শীতের মৌসুম শুরু হতেই খেজুর রসের জন্য মেহেরপুরের গাংনী উপজেলার গ্রামে গ্রামে গাছিরা প্রস্তুত করতে শুরু করেছেন খেজুর গাছ। খেজুর গাছের সুমিষ্ট রস আর এই রসে তৈরি সুস্বাদু গুড় নিজ এলাকার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় বিভিন্ন জেলায়।

সরেজমিন ঘুরে দেখা গেছে উপজেলার তেরাইল, করমদীসহ বিভিন্ন গ্রামে খেজুর রস সংগ্রহের জন্য গাছিরা খেজুরগাছ পরিষ্কার করার কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেকে গাছগুলো প্রস্তুত করে শুকাতে দিয়েছেন। শিগগিরই পুরোদমে শুরু হবে রস সংগ্রহের কাজ। খেজুর রস ও গুড়ের কদর রয়েছে গাংনী উপজেলার প্রতিটি মানুষের কাছে।

উপজেলার তেরাইল গ্রামের খালেক আলী বলেন, শীত আসলেই খেজুর রসের গুড় তৈরি, ভাপা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, রসপিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা তৈরির ধুম পড়ে যায়। আর খেজুর গুড়ের তৈরি পিঠাগুলো খেতেও খুব সুস্বাদু।

পথচারী মোমিদুল ইসলাম বলেন, ‘শীতের সকালে রস ব্যবসায়ীরা সকাল সকাল উঠে হাঁক ছাড়েন ‘‘এই রস আছে রস।’’ খেজুরের এই রস খেতে সত্যিই সুস্বাদু। এক গ্লাস খেজুরের রসের দাম ১০ টাকা। অনেক সময় দূর দুরান্ত থেকে মানুষ আসে খেজুরের রস খেতে।’

তেরাইল গ্রামের খেজুর গাছি ছলেমান আলী বলেন, ‘গাছ সাফ করা প্রায় শেষ হয়ে গেছে প্রায়। খেজুর রসের চাহিদা ব্যাপক কিন্তু পর্যাপ্ত পরিমাণে রস পেতে এখনো অপেক্ষা করতে হবে। শীত পড়তে শুরু করেছে। ১০ থেকে ১৫ দিনের মধ্যে গাছে কলস উঠবে। দুই কলস রস সংগ্রহ করলে ১ কেজি করে গুড় তৈরি হয়।’

ছলেমান আলী আরও বলেন, রস সংগ্রহ চলবে প্রায় ৪ থেকে ৫ মাস। পুরোদমে শুরু হলে প্রতিদিন এক হাজার টাকার ওপরে আয় হবে। খেজুর রস সংগ্রহের জন্য বাড়তি কোন খরচ হয় না। গাছ মালিকদের গাছপ্রতি মৌসুমে ২ কেজি গুড় দেওয়া লাগে। তবে ঝুঁকি নিয়ে গাছ প্রস্তুত ও রস সংগ্রহ করতে হয়।

ব্যবসায়ী মো. জয়নাল আবেদীন বলেন, ‘শীতের শিশির যত বাড়বে খেজুরের গাছ থেকে তত বেশি বের হবে রস। আশা করছি এবার পর্যাপ্ত পরিমাণে রস পাওয়া যাবে। খেজুরের গুড় সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় খোঁজ খবর রাখছি। তেরাইল এলাকায় খেজুর গাছি ছলেমান আলী ৩০ থেকে ৪০টি গাছের কাজ সম্পন্ন করেছেন। অন্যান্য এলাকায়ও চলছে পুরোদমে খেজুর গাছের পরিচর্যা। এবার গুড় কেজিপ্রতি ৩৫০ থেকে ৪০০ টাকা করে বিক্রয় হবে বলে আশা করছি। ’

গাংনী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, গাংনী উপজেলায় প্রচুর খেজুর গাছ রয়েছে। আর কিছুদিন পর শুরু হবে পুরোদমে খেজুর রস সংগ্রহ ও গুড় তৈরির কাজ। এই খেজুরের রস ও গুড় এলাকার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় নিয়ে যায়। আর খেজুর গাছ সাফ করে যে পাতাগুলো রাখা হয় সেগুলো দিয়ে বিভিন্ন নকশার পাটি তৈরি করা হয়।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গাংনী উপজেলার মাটি ভালো হওয়ার কারণে এখানকার রস ও গুড় সুস্বাদু হয়। তবে খেজুর গাছিদের প্রতি পরামর্শ থাকবে কলসের মুখ যেন জাল দিয়ে ঢেকে রাখেন। কলসের মুখে যাতে বাদুড় বা চামচিকা বসতে না পারে। কারণ রসের কলসে যদি বাদুড় বা চামচিকা বসে, তবে তাদের লালা বা মল, মূত্রের মাধ্যমে মানুষের শরীরে প্রাণঘাতি নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।