হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সালিসের পরদিন গৃহবধূর আত্মহত্যায় গ্রেপ্তার ১

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নে বিয়ের প্রলোভনে প্রতারণা, ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ২০ জুলাই ওই গৃহবধূর (২৮) বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় তালুকনগর গ্রামের শাকিল (৩০), সুবল (২৭) ও ইব্রাহিম ওরফে ইনহানকে (৬০) আসামি করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় ১২ বছর আগে একই গ্রামের এক প্রবাসীর সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় দুই বছর আগে প্রতিবেশী শাকিল বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ঢাকায় সংসার করার প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এজাহারে আরও অভিযোগ করা হয়, শাকিল শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে তা প্রকাশের ভয় দেখিয়ে বিভিন্ন সময় ওই নারীর কাছ থেকে অর্থ আদায় করেন। অভিযুক্ত শাকিল তালুকনগর গ্রামের ইনসান পীর সাহেবের ছেলে। পরে বিয়ের দাবিতে ওই নারী শাকিলের বাড়িতে গেলে তাকে অপমান করে ফিরিয়ে দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে গত ১৮ জুলাই তালুকনগর গ্রামের এক ব্যক্তির বাড়িতে স্থানীয়ভাবে একটি সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে ডক্টর আলমগীর, ইউপি সদস্য শরিফ ইসলাম লালন, আলেক, হাবেল, জলিল, শামসুল, রবিজ্জল, সুরমান, আলিম, আনোয়ার, আলম ও সিরাজুল উপস্থিত ছিলেন। নিহতের পরিবারের অভিযোগ, সালিশে নিরপেক্ষ বিচার না হয়ে অভিযুক্তদের পক্ষ নেওয়া হয়। এতে ভুক্তভোগী নারী মানসিকভাবে ভেঙে পড়েন।

পরিবারের সদস্যদের ভাষ্য, সালিশের পরদিন ১৯ জুলাই রাত দেড়টা থেকে ভোর চারটার মধ্যে কোনো এক সময় বাড়ির রান্নাঘরের পাশে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেন ওই নারী। খবর পেয়ে দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার সব দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়