মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সড়ক দখল করে ধান ও খড় শুকানো হচ্ছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় দুর্ঘটনা রোধ ও জনদুর্ভোগ কমাতে সড়ক থেকে খড় অপসারণে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটার মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা পাকা সড়ক ও ইটের সলিংয়ের ওপর ধান-খড় শুকাচ্ছেন। এতে সড়কের বড় অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও বাইসাইকেল চলাচলের সময় ধান-খড়ের ওপর চাকা পিছলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। রাতে ও কুয়াশা পড়ার সময় এ ঝুঁকি আরও বাড়ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা বলেন, আজ বুধবার সকালে উপজেলার টেপরী এলাকায় সড়কে জনদুর্ভোগ সৃষ্টিকারী খড় অপসারণ করা হয়েছে। এ সময় উপস্থিত লোকজনকে রাস্তায় খড় ও গোবর না শুকানোর বিষয়ে সচেতন করা হয়।
সিলভিয়া স্নিগ্ধা আরও বলেন, সাধারণ মানুষের চলাচলের সড়কে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। সড়ক থেকে খড়, ধান ও গোবর সরিয়ে নিতে আগামীকাল বৃহস্পতিবার মাইকিং করা হবে। এরপরও কেউ নির্দেশনা অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।