মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাহিম নামে এক যুবককে সাড়ে তিন ঘণ্টা পর পুনরায় আটক করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার আন্ধারমানিক এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মাহিম উপজেলার আন্ধারমানিক দড়িকান্দি এলাকার আলমাছের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমসংক্রান্ত একটি অভিযোগের তদন্তে শুক্রবার রাত ৯টার দিকে মাহিমকে আটক করা হয়। পরে তাঁকে থানায় নেওয়ার পথে আন্ধারমানিক বাজার এলাকায় পৌঁছালে পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা অবস্থায় লাফ দিয়ে পালিয়ে যান তিনি।
ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তাঁকে খুঁজতে অভিযান শুরু করেন। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহযোগিতায় মাহিমকে আটক করা হয়। এ সময় তাঁর বাবা-মাও তাঁকে আটকে রাখতে সহযোগিতা করেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, প্রেমসংক্রান্ত বিরোধের জেরে মাহিমের বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়েছে, প্রায় ছয় মাস আগে মাহিমের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়। সম্প্রতি ওই নারী অন্যত্র বিয়ে করেন। এরপর তাঁর নতুন স্বামীর কাছে কিছু অন্তরঙ্গ ছবি পাঠানোর অভিযোগ ওঠে মাহিমের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছিল।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মাহিমকে থানায় নিয়ে আসার জন্য পুলিশ সদস্যদের পাঠানো হয়েছিল। তবে থানায় নেওয়ার পথে তিনি হাতকড়াসহ পালিয়ে যান। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তাঁকে পুনরায় আটক করা হয়।
ওসি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মাহিমকে আদালতে পাঠানো হবে।