হোম > সারা দেশ > মানিকগঞ্জ

‘পরিকল্পিত সন্ত্রাসের’ অভিযোগে ঘিওরে যুবদলের বিক্ষোভ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকগঞ্জের ঘিওরে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

‘পরিকল্পিত সন্ত্রাসের’ মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে মানিকগঞ্জের ঘিওরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। আজ মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি ঘিওর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্যসচিব সাইফ সানোয়ার, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, তাজুল ইসলাম তারেক, মীর ফারুক হোসেন ও হাবিব ইব্রাহিম খান সাগর।

এ ছাড়া প্রতিবাদ মিছিল ও সমাবেশে যুবদল নেতা মির্জা সালেম, সুজন আহমেদ, রিন্টু খান, মাসুদ খান, আলতাফ, মীর মুকুল, সুমনসহ ঘিওর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের’ কর্মকাণ্ডে দেশের আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে দেওয়া হবে না। দেশবিরোধী যেকোনো পরিকল্পিত চক্রান্ত ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলবে।