হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ছিনতাইয়ের অভিযোগে এএসআই প্রত্যাহার, গ্রেপ্তার পুলিশের সোর্স

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশ পরিচয়ে এক যুবককে আটকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আলমগীর হোসেনের বয়স ২৮ বছর। তিনি উপজেলার কর্মকারকান্দি বয়ড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বলড়া গ্রামের বাসিন্দা তায়েফ হোসেন (২০) মোটরসাইকেলে করে উপজেলা সদরে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে পিপুলিয়া এলাকায় এএসআই সোহেল রানা ও আলমগীর তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন।

অভিযোগ অনুযায়ী, তাঁরা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে মোটরসাইকেলের চাবি নিয়ে নেন এবং তায়েফের শরীর তল্লাশি করেন। তায়েফের অভিযোগ, এ সময় তাঁকে মারধর করে তাঁর কাছে থাকা ২ হাজার ৬০০ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে মুঠোফোন ফেরত দেওয়া হলেও টাকা নিয়ে এএসআই সোহেল ও আলমগীর একটি ইজিবাইকে করে চলে যান।

ঘটনাটি সন্দেহজনক মনে হলে তায়েফ ও তাঁর বন্ধুরা তাঁদের পিছু নেন। পরে হরুকান্দি ইউনিয়ন পরিষদের সামনে তাঁদের দেখতে পান। সেখানে এএসআই সোহেল মোটরসাইকেল নিয়ে চলে গেলেও স্থানীয় লোকজন আলমগীরকে আটক করেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।

পুলিশের কাছে দেওয়া বক্তব্যে আলমগীর হোসেন দাবি করেন, এএসআই সোহেলের নির্দেশেই তিনি তায়েফের মোটরসাইকেল থামিয়ে টাকা ও মুঠোফোন নিয়েছিলেন। পরে মুঠোফোন ফেরত দেওয়া হলেও টাকা নিয়ে এএসআই সোহেল চলে যান।

অভিযোগের বিষয়ে এএসআই সোহেল রানার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে ‘মাদকবিরোধী অভিযানে’ যাওয়ায় এএসআই সোহেল রানাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

আলমগীরের গ্রেপ্তারের বিষয়ে ওসি বলেন, তাঁর বিরুদ্ধে কোনো ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেননি। তবে তাঁকে ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।