মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর পাড়ে ঘুরতে আসা এক পর্যটকের ওপর হামলা করে মোবাইল ফোন ও টাকা লুটের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
আজ বুধবার দুপুরে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪(১) ধারার মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত ওরফে লাল (২২), সাইফুল মিয়ার ছেলে সাগর (২১), দড়িকান্দি গ্রামের শরীফ শিকদারের ছেলে অভি শিকদার (২৩) এবং দিয়াপাড় গ্রামের সাইম হোসেন (২৪)।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বয়ড়া খালপাড় এলাকার আন্ধারমানিক পদ্মা নদীর পাড়ে ঘুরতে যান পর্যটক নাঈম মোল্লা। এ সময় ৬-৭ জনের একটি দল তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে মোবাইল ফোন ও টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
পরে নাঈম মোল্লা হরিরামপুর থানায় গিয়ে বিষয়টি জানান। তাঁর দেওয়া তথ্য ও শনাক্তের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে চারজনকে আটক করা হয়।
ওসি বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪(১) ধারায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।