হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া তেলবাহী লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার

ঘিওর, (মানিকগঞ্জ) প্রতিনিধি

উদ্ধার করা লরি। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া তেলবাহী একটি লরি প্রায় ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ হামজা লরিটিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাট এলাকা থেকে উদ্ধার করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লরিটিতে থাকা প্রায় ২৪ হাজার লিটার পাম অয়েল অক্ষত রয়েছে। লরির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে তেল হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাটে একটি ফেরি থেকে নামার সময় ঢালু র‍্যাম্পে ব্রেক ফেল করে লরিটি নিয়ন্ত্রণ হারায়। পরে লরিটি পেছনের দিকে গড়িয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

ঘটনার পরপরই বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা প্রায় ১৬ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার দুপুরের দিকে লরিটিকে নদী থেকে টেনে তোলা সম্ভব হয়।

এ ঘটনায় লরির চালক ও হেলপার সামান্য আহত হন। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাঁদের জীবিত উদ্ধার করেন।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আশরাফ উদ্দিন জানান, উদ্ধারকারী জাহাজ হামজার তিন ডুবুরি এবং ১৬ সদস্যের একটি দল দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে লরিটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।

আশরাফ উদ্দিন বলেন, লরির মালিকদের সঙ্গে যোগাযোগ করে সেটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। লরিতে থাকা প্রায় ২৪ হাজার লিটার পাম অয়েল সুরক্ষিত থাকায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

পাটুরিয়া ঘাট এলাকায় এ ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরিঘাটের র‍্যাম্প ও যানবাহন চলাচল ব্যবস্থাপনা আরও নিরাপদ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জজ ও ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে চুরি

সাটুরিয়ায় আশ্রয়ণ প্রকল্প: ঘর আছে, মানুষ নেই

মানিকগঞ্জে পদ্মা-যমুনার তীব্র ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি বিলীন, হুমকিতে শিক্ষাপ্রতিষ্ঠান

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনা শিবিরে

সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন, পরদিন পেঁপেখেত থেকে লাশ উদ্ধার

ঘিওরে ঋণের কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ

সিংগাইরে পাটখেতে পড়ে ছিল অটোরিকশাচালকের মরদেহ

সিংগাইরে পাটখেতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পাশে উদ্ধার অটোরিকশা

জেলের জালে আটকে গেল জীবিত রাসেল ভাইপার, পদ্মাপাড়ে ফের আতঙ্ক

ঘিওরে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: ক্ষতিগ্রস্তদের মানববন্ধন