হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মোবাইল ব্যবহার করতে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

প্রতীকী ছবি

মানিকগঞ্জের হরিরামপুরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় জান্নাত আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের কর্মকারকান্দি বয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জান্নাত আক্তার ওই এলাকার প্রবাসী শেখ জাফর মিয়ার মেয়ে। সে আব্দুর রাজ্জাক মডেল হাইস্কুলের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, আজ সকালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের সঙ্গে কথা-কাটাকাটি হয় জান্নাতের। একপর্যায়ে জান্নাতের কাছ থেকে ফোনটি নিয়ে নেওয়া হয়। পরে তার মা অন্য সন্তানকে স্কুলে পৌঁছে দিতে বাড়ি থেকে বের হন। এর কিছু সময় পর পরিবারের সদস্যরা ঘরের ভেতর জান্নাতের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হরিরামপুর থানা-পুলিশে খবর দেওয়া হলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।

হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।