হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হতে হবে: খাদ্যমন্ত্রী

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

আজ সকালে মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল ও সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জন নয়, বরং যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। আগামী দিনের বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নাচ, গান, ফ্যাশন শো ও আলোচনা সভার মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না, নিজেদের সৎ, দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা যেন কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং তা মানুষের চিন্তা, বিবেক ও দায়িত্ববোধকে সমৃদ্ধ করে।’ তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্বে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। জীবনে বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে সততা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতাও গড়ে তুলতে হবে।’

আজ সকালে মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।

প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান, বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখার সাবেক সভাপতি মতিউর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান বিশ্বাস, যুগ্ম সম্পাদক রিপন আনছারী এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মিনহাজ মিয়া।

এ ছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন।

সাংস্কৃতিক পরিবেশনা, নাচ-গান ও ফ্যাশন শোতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাঁদের শিক্ষাজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নতুন শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের পরিবেশের সঙ্গে পরিচিত করা এবং তাঁদের শিক্ষাজীবনে উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।