মাত্র ৫০০ টাকায় অষ্টম শ্রেণি পাসের ছাড়পত্র সংগ্রহ, এরপর দেড় লাখ টাকা ঘুষ দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে মো. সোহেল খানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, জালিয়াতির মাধ্যমে শিক্ষাগত যোগ্যতার সনদ সংগ্রহ করে তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বংখুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে চাকরি নেন। সেই চাকরিতে প্রায় ১২ বছর ধরে বহাল রয়েছেন তিনি। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে নিজেই সনদ সংগ্রহে টাকা দেওয়া এবং ঘুষের বিনিময়ে চাকরি নেওয়ার কথা স্বীকার করেছেন।
ঘটনাটি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বংখুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সোহেলের শিক্ষাগত যোগ্যতার ছাড়পত্র, জন্মনিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্রে তথ্যগত অসংগতি পাওয়া গেছে। এ ঘটনায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, সোহেল খান প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোননি। অথচ চাকরির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা দেখাতে তিনি নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণি পাসের একটি ছাড়পত্র সংগ্রহ করেন। তাঁর দাবি, এক ব্যক্তির মাধ্যমে মাত্র ৫০০ টাকার বিনিময়ে ওই ছাড়পত্র সংগ্রহ করেন তিনি। পরে আরেক ব্যক্তির মাধ্যমে তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সায়েম মো. তৌহিদুল ইসলামের সঙ্গে পরিচয় হয়। এরপর দেড় লাখ টাকা ঘুষ দিয়ে বংখুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে চাকরি নেন বলে স্বীকার করেছেন সোহেল।
চাকরির জন্য জমা দেওয়া কাগজপত্রেও বয়সসংক্রান্ত অসংগতি পাওয়া গেছে। তাঁর জন্মনিবন্ধন সনদে জন্মতারিখ উল্লেখ রয়েছে ১৯৮৭ সালের ২৩ আগস্ট। অন্যদিকে জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ ১৯৮২ সালের ২৩ আগস্ট। অর্থাৎ দুই নথিতে জন্মতারিখের ব্যবধান পাঁচ বছর।
বারুয়াখালী উচ্চবিদ্যালয়ের নামে দেওয়া ছাড়পত্রে উল্লেখ রয়েছে, মো. সোহেল খান ১৯৯৭ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। ১৯৯৯ সালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে কৃতকার্য হয়ে নবম শ্রেণিতে উত্তীর্ণ হন। ওই ছাড়পত্রেও তাঁর জন্মতারিখ ২৩ আগস্ট ১৯৮৭ উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বংখুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মো. সোহেল খান প্রথমে তা অস্বীকার করেন। পরে তিনি বলেন, ‘একজন আমাকে সার্টিফিকেট এনে দিয়েছিল। তাঁকে ৫০০ টাকা দিয়েছিলাম। তারপর এক লোকের মাধ্যমে দেড় লাখ টাকা ঘুষ দিয়ে এই চাকরি নিয়েছি।’
বিদ্যালয়টির তৎকালীন প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, ‘ওই সময়ে হয়তো কাগজপত্র যাচাই করার নিয়ম ছিল না। তাই এভাবে নিয়োগ হয়ে গেছে। তবে কাগজপত্র জালিয়াতির বিষয়টি প্রমাণিত হলে তাঁর চাকরি থাকবে না। যাঁরা চাকরি দিয়েছেন, তাঁদেরও সমস্যা হবে।’
তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সায়েম মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘আমার কিছু মনে পড়ছে না। এ বিষয়ে আমার কোনো বক্তব্যও নেই। নিয়োগ কমিটির সভাপতি ছিলেন ইউএনও স্যার। তিনিই অল ইন অল।’
নিয়োগ কমিটির সভাপতি ও তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহাদাত খন্দকার বলেন, ‘বিষয়টি অনেক আগের হওয়ায় এখন আর মনে নেই। সে সময় এ নিয়ে কোনো অভিযোগও ওঠেনি। নিয়োগ প্রক্রিয়ায় কাগজপত্র যাচাই-বাছাইয়ের দায়িত্ব ছিল উপজেলা শিক্ষা কর্মকর্তার। আমি যোগদানের সময় নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে ছিল। পরবর্তী সময়ে কোনো কাগজপত্রে ত্রুটি ধরা পড়লে এর দায়ভার অবশ্যই সংশ্লিষ্ট আবেদনকারীকে নিতে হবে। অনিয়ম প্রমাণিত হলে তাঁর চাকরি বহাল থাকার সুযোগ নেই। তবে যাচাই-বাছাই করেই তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি কখনো ঘুষ বা কোনো ধরনের আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ছিলাম না, এখনো নেই।’
বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহিমা আক্তার বলেন, ‘দপ্তরি সোহেল খানের নিয়োগের বিষয়ে আমি কিছুই জানতাম না। এখন যেহেতু জানতে পেরেছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ওই নিয়োগের বিষয়ে তৎকালীন কর্মকর্তা ভালো বলতে পারবেন। সে সময় আমি এই পদে বা সদর উপজেলায় কর্মরত ছিলাম না। নিয়োগে জালিয়াতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ বলেন, ওই বিদ্যালয়ে দপ্তরি নিয়োগে জালিয়াতির বিষয়টি আপনার কাছ থেকেই প্রথম জানলাম। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।