হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শোকের মুহূর্তেও চোরের হানা, দাফনের সময় যুবদল নেতার মোবাইল চুরি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ পারভেজ। ছবি: সংগৃহীত

বড় ভাইয়ের মৃত্যুতে পরিবারজুড়ে শোকের ছায়া। স্বজনদের আহাজারি, জানাজা আর দাফনের আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত সবাই। এমন শোকাবহ মুহূর্তেও রেহাই পেলেন না চোরের হাত থেকে। বড় ভাইকে শেষ বিদায় জানাতে গিয়ে কবরস্থানেই নিজের মোবাইল ফোনটি খোয়ালেন মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ পারভেজ।

আজ রোববার বাদ জোহর মানিকগঞ্জ পৌরসভার সেওতা কবরস্থানে বড় ভাইয়ের দাফনের সময় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দেন জেলা যুবদলের নেতা মো. শাহীন হোসেন।

ফেসবুকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে তিনি জানান, মাসুদ পারভেজের মোবাইল ফোনটি চুরি হয়েছে। ওই ফোনে থাকা হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে কেউ টাকা-পয়সা চাইতে পারেন কিংবা অন্য কোনো দাবি জানাতে পারেন। এ ধরনের অনুরোধে সাড়া না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ভোরে মানিকগঞ্জ জেলা শহরের আফরোজা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ পারভেজের বড় ভাই এস এম এম ইকবাল হোসেন। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি জটিলতা ও স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

ইকবাল হোসেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক যুগ্ম সম্পাদক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

বাদ জোহর সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেওতা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শেষ বিদায়ের সেই শোকাবহ মুহূর্তেই ঘটে মোবাইল ফোন চুরির ঘটনা।

একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে সেই শোকের মুহূর্তে চুরির ঘটনা। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা।