হোম > সারা দেশ > মানিকগঞ্জ

নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ ঘিরে মানিকগঞ্জে ৫১ আসামি দিয়ে দুই মামলা, গ্রেপ্তার ১

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ থানা। ছবি: আজকের পত্রিকা

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, মিনিবাসে অগ্নিসংযোগ ও যান চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে দুটি মামলা করা হয়েছে। মামলা দুটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৮০ থেকে ৯৫ জনকে। এর মধ্যে একটি মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মানিক ফকির (৪০)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁর বাড়ি উপজেলার বার্তা গ্রামে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় প্রথম মামলাটি করা হয়। এতে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী জেলা যুবদলের সাবেক সদস্য রিয়াদ মোর্শেদ।

এ মামলায় জেলা ও পৌর ছাত্রলীগের পাঁচজন, জেলা ও উপজেলা যুবলীগের তিনজনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৭ নেতা-কর্মীর নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় ঘটনার স্থান হিসেবে গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় মানিকগঞ্জ শহরের দক্ষিণ সেওতায় বিজয় মেলার মাঠের উত্তর-পূর্ব পাশের সড়কের কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে গতকাল বুধবার (১১ নভেম্বর) বিশেষ ক্ষমতা আইনে দ্বিতীয় মামলাটি করা হয়। মামলার বাদী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ আলী। এতে ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে জেলা ও উপজেলা ছাত্রলীগের ২৫ জন, যুবলীগের দুই, আওয়ামী লীগের চার, স্বেচ্ছাসেবক লীগের এক ও শ্রমিক লীগের একজন নেতা-কর্মী রয়েছেন।

দ্বিতীয় মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫-ঘ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। এজাহারে বলা হয়েছে, গত মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের বাইতুল আমান জামে মসজিদের দক্ষিণ পাশের ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যার পর মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া সাটুরিয়া, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের নবীন সিনেমা হলের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। এতে বাসটির প্রায় অর্ধেক পুড়ে যায়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সরকার উৎখাতের উদ্দেশ্যে মহাসড়কে সমবেত হয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মিনিবাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।